বিনোদন ডেস্ক : প্রখ্যাত মুসলিম দার্শনিক, সুফি তত্ত্বের গুরু এবং ফার্সি কবি জালালউদ্দিন রুমির জীবনীনির্ভর কাহিনী নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন অস্কারজয়ী চিত্রনাট্যকার ডেভিড ফ্রেঞ্জুনি। আর বিখ্যাত রুমির চরিত্রের জন্য তার প্রথম পছন্দ বলে নাম ঘোষণা করেছেন সদ্য অস্কার পাওয়া হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম।
গুরুত্বপূর্ণ কোনো মুসলিম ব্যক্তির আত্মজীবনী নিয়ে হলিউডে এর আগে খুব একটা সিনেমা নির্মাণ করতে দেখা যায়নি। তাই সুফি দার্শনিক, কবি তার উপর একজন মুসলমানের উপর সিনেমা নির্মাণের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ‘গ্লাডিয়েটর’-এর চিত্রনাট্যকার ডেভিড ফ্রেঞ্জুনি। এরইমধ্যে রুমির ওপর সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েই তুমুল সমালোচিত তিনি। এমনকি এই চরিত্রের জন্য লিওনার্দোর নাম ঘোষণার পর থেকেই চারদিকে চলছে তুমুল কাটাছেঁড়া।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে, সম্প্রতি জালাল উদ্দিন রুমির বিষয়ে জানতে ডেভিড গিয়েছিলেন ইস্তাম্বুল। সেখানে রুমি বিশেষজ্ঞদের সাথে সিনেমার চিত্রনাট্য নিয়ে তিনি কথাও বলেছেন। আর এরপর থেকে আরো ইচ্ছেশক্তি ভর করেছে তার ওপর। আগামী বছরের শুরু থেকেই সিনেমার শুটিং শুরু করে দেয়ার কথাও ভাবছেন ডেভিড।
রুমির উপর সিনেমা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে ডেভিড ফ্রেঞ্জুনি গণমাধ্যমকে জানান, রুমির ওপর সিনেমা নির্মাণের বহু যৌক্তিক কারণ রয়েছে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো এই সময়ে এসে পৃথিবীর মানুষের রুমি সম্পর্কে, তার দর্শন থেকে কিছু নেয়া উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্রে রুমি তুমুল জনপ্রিয়।
‘রুমি’র জন্য লিওনার্দোকে পছন্দ করার ঘোষণার কথা জানিয়ে ফ্রেঞ্জুনি ও প্রযোজক স্টিফেন জুয়েল বলেন, লিওনার্দো রুমি চরিত্রে অভিনয় করবে। আর রবার্ট ডনিকে দেখা যাবে শামস আল তাবরেজির চরিত্রে।
মুসলিম সুফি দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ জালাল উদ্দিন রুমি। তিনি একাধারে ছিলেন কবিও। আর সদা মনুষ্য ধর্মতে বিশ্বাসী এই মানুষটির চরিত্রে যখন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নাম বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে, তখন রুমির চরিত্রে লিওনার্দোকে মেনে নিতে পারছে না অনেকেই।
ব্যক্তিগত ও দর্শনগত বিচারে প্রখ্যাত দার্শনিক জালাল উদ্দিন রুমিকে বর্ণবাদীও বলছেন কেউ কেউ। তাদের মতে রুমি ‘সাদা মানুষ’দের অপছন্দ করতেন। তাই তিনি তার প্রবচন কিংবা কবিতার পংক্তিতে বলেছেন, ‘আমি সাদা নই’! রুমির এই লাইনটিকে কবজা করে লিওনার্দোর প্রতি ক্ষেপেছেন সাদা চামড়ার ভক্ত অনুরাগীরা। লিওনার্দো যাতে রুমির চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন সে নিয়ে অনেককেই বিভিন্ন যুক্তি দিতেও দেখা গেছে। তারা বলছেন, যে রুমি ‘সাদা নই’ বলে শ্বেতাঙ্গদের কটাক্ষ করতে পারে সেই রুমির চরিত্রে অভিনয় করা উচিত হবে না লিওনার্দোর!
এছাড়া টুইটারে ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জালাল উদ্দিন রুমি একজন আফগান নাগরিক এবং মুসলিম সেজন্য হলেও তার আত্মজীবনী সিনেমায় লিওনার্দোকে অভিনয় না করার আহ্বান জানিয়েছেন।
এরআগে একজন আমেরিকান হয়েও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।

