বিনোদন প্রতিবেদক : প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা যারা পড়েছেন তাদের কাছে ‘দখিনা হাওয়া’ কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কারণ রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এই বাড়িতেই দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। এবার সেই বাড়িতেই শুটিং করতে গিয়ে শূন্যতা অনুভব করেন অভিনেত্রী জাকিয়া বারী মম। কারণ এই হুমায়ূনের হাত ধরেই ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের ধানমন্ডিস্থ বাড়ি দখিনা হাওয়ায় শুরু হয়েছে ‘এসো’ শিরোনামের নাটকের শুটিং। ৬ জুন থেকে শুরু হওয়া এই নাটকে অভিনয় করছেন মম। মঙ্গলবার সেই নাটকের সেটে উপস্থিত হয়েই শুন্যতা অনুভব করেত শুরু করেন তিনি, যা উঠে এসেছে তার ফেসবুক স্ট্যাটাসে। মম লিখেন, ‘আমার এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কথায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি শুটিং করছি হুমায়ুন আহমেদ স্যারের নিজ বাসায়, যেখানে তিনি থাকতেন, যেখানে এখনো আছে তার সবকিছু …. অনুভূতিটা কেবল অনুভব করতে পারছি। ভালো লাগা আর খারাপ লাগার এক মধ্যবর্তী অবস্থান হতে পারে বা হতে পারে অন্যকিছু বা একধরনের শূন্যতা।’
২০০০ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন ‘এসো’ শিরোনামে একটি নাটক। এতে অভিনয় করেছিলেন ফেরদৌস, শাওন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। এবার সেই নাটকটি পুনঃ নির্মাণ করছেন শাওন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেরদৌস ও মাকে নিয়ে ২০০০ সালে হুমায়ূন ‘এসো’ নাটকটি বানিয়েছিলেন। এবার সেই নাটকটি একটু নতুনভাবে আমাকে নির্মাণ করছি। এতে আমার চরিত্রে মম ও ফেরদৌসের চরিত্রে ইরফান সাজ্জাদ অভিনয় করছে।’
উল্লেখ্য, আসছে ঈদুল ফিতরে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রচার হবে বিশেষ নাটক ‘এসো’।

