বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন ভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভি। ইতিমধ্যেই চ্যানেলটির অনুষ্ঠান মালায় এসেছে ব্যাপক পরিবর্তন। যার অংশ হিসেবে আসছে ঈদে অনুষ্ঠান সূচির আওতায় টানা সাতদিন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সাতটি চলচ্চিত্র প্রদর্শন করবে চ্যানেলটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতর উপলক্ষ্যে একুশে টেলিভিশন বিভিন্ন ধরনের আয়োজন করতে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে তাদের সেইসব আয়োজনের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। যেখানে বলা হয়, আসছে ঈদে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সাতটি ছবি প্রদর্শন করবে চ্যানেলটি। এক পর্যায়ে জাজ মাল্টিমিডিয়ার পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ ও ইটিভির পক্ষে অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো চুক্তি সাক্ষর করেন।
ঈদের সাতদিন জাজের যে সাতটি ছবি প্রদর্শন করবে ইটিভি তা হলো জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’, পিএ কাজলের ‘ভালোবাসা আজকাল’, শাহিন সুমনের ‘অন্যরকম ভালোবাসা’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’, আব্দুল আজিজের ‘আশিকী’, জাকরি হোসেন রাজুর ‘দবির সাহবের সংসার’ এবং সৈকত নাসিরের ‘দেশা’।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারহানা নিশো, আব্দুল আজিজ, মঞ্জুরুল আহসান বুলবুল, আব্দুস সামাদ, শহীদ উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

