বিনোদন ডেস্ক : গত বছরে হলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৭’-এর তুমুল বাণিজ্যের পর আগামী বছরে মুক্তির লক্ষ্যে এরইমধ্যে শুরু হয়েছে ‘ফিউরিয়াস ৮’-এর শুটিং। আর এই ছবিটি যে আগের সাতটি সিক্যুয়ালকেও ছাড়িয়ে যাবে তার প্রমান পাওয়া গেল সদ্য রিলিজ হওয়া ‘ফিউরিয়াস ৮’ নির্মাণের ‘বিহাইন্ড দ্য সিন’-এর একটি ক্লিপ দেখে। অন্তত অ্যাকশনের দিক থেকে যে আগের সিক্যুয়ালগুলো থেকে ছাড়িয়ে যাবে ‘ফিউরিয়াস ৮’ সেই আভাসই যেন দিল।
সম্প্রতি ইউনিভার্সাল পিকচার আসন্ন সিনেমা ‘ফিউরিয়াস ৮’-এর একটি বিহাইন্ড দ্য সিন-এর ভিডিও ক্লিপ রিলিজ দিয়েছে। যেখানে বরফের রাস্তায় তুমুল অ্যাকশন দৃশ্য ধারন করতে দেখা গেছে।
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিকে মনে করা হয় হলিউডের ইতিহাসে সবচেয়ে বিশাল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। কারণ, এখান থেকে ৭টি সিনেমা ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে, এবং সবগুলোই হয়েছে সুপার হিট! বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘ফিউরিয়াস ৭’ তো হলিউডের বক্স অফিসে ইতিহাস তৈরি করে দিয়েছে। আর এবার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘ফিউরিয়াস ৮’ নিয়েও শুরু হয়েছে তোড়জোর!
এরআগে ‘ফিউরিয়াস ৮’-একটি পোস্টারও নিজের সোশাল সাইটে পোস্ট করতে দেখা গেছে অন্যতম প্রযোজক ও অভিনেতা ভিন ডিজেলকে। ‘ফিউরিয়াস ৮’-এর পোস্টারটির উপরে লেখা ছিল, আসছে বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আর এটাই ‘ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি যেখানে থাকবেন না সুপারস্টার অভিনেতা পল ওয়াকার। যিনি ২০১৩ সালে মর্মান্তিক গাড়ী দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।’

