ঢাকাWednesday , 8 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরো রমজানে ভেজালবিরোধী অভিযান : শিল্পমন্ত্রী

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক : পুরো রমজান জুড়ে ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্য-পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআইয়ের ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্য-পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআইয়ের ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা’ শীর্ষক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজান শুরু হয়েছে। পবিত্র এ মাসে আপনাদের মাধ্যমে আমি দেশের জনগণ তথা ভোক্তা-সাধারণকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা জানেন, প্রতিবছর পবিত্র রমজান মাসে ভোক্তা পর্যায়ে ভেজালমুক্ত খাদ্য-পানীয় এবং পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। এবারও সে লক্ষ্যে বিএসটিআই কার্যক্রম শুরু করেছে। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই বিশেষ কার্যক্রম চালাবে।
কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ‘রমজান মাসের পবিত্রতা রক্ষায় যাতে অসাধু ব্যবসায়ী-বিক্রেতাগণ ভেজাল/নিম্নমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিপণন হতে বিরত থাকে, সে লক্ষ্যে বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীতে প্রতিদিন অতিরিক্ত মোবাইল কোর্ট পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে এটি শুরু হয়েছে। এ ছাড়া সারা দেশে বিএসটিআইয়ের আঞ্চলিক অফিসের মাধ্যমে এ ধরনের ভেজালবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে, যা রমজান মাসব্যাপী অব্যাহত রাখা হবে। আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে রোজাদারগণ সচরাচর যে সকল খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন যেমন- মুড়ি, খেজুর, কলা, আম, সফ্ট ড্রিংক পাউডার, ফ্রুট জুস/ফ্রুট ড্রিংকস, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, নুডুলস, লাচ্ছা সেমাই, সেমাই, পানি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট ইত্যাদির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে।’
আমির হোসেন আমু বলেন, ঢাকা মহানগরীর বাইরে পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। শিডিউল অনুযায়ী পুরো রমজান মাস জুড়ে মোবাইল কোর্ট চলবে।
রমজানে যাতে নির্ভেজাল খাদ্য ও পানীয় সরবরাহ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে ইতিমধ্যে ইফতার ও সাহরিতে অধিক পরিমাণে ব্যবহৃত ১৮৩টি পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নমুনার ল্যাবরেটরি টেস্টিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
মন্ত্রী বলেন, পবিত্র রমজানে অতীতের মতো জেলা প্রশাসন, র‌্যাব, ডিএমপি ও এপিবিএন এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নিয়মিতভাবে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে এ অভিযানের স্বচ্ছতা সম্পর্কে কোনো ধরনের প্রশ্নের অবকাশ থাকবে না।
এ ছাড়া রমজানে পানি যাতে মানসম্মতভাবে উৎপাদনপূর্বক ক্রেতাসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয় এবং রোজাদারগণ যাতে নিরাপদ পানি দিয়ে ইফতার করতে পারেন, সে বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত পানি কারখানার স্বাস্থ্যসম্মত পরিবেশ, পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। যেসব পানির কারখানা অবৈধভাবে ড্রিংকিং ওয়াটারের নামে পানি বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পবিত্র রমজানেও এটি অব্যাহত থাকবে।
মৌসুমি ফল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে বিএসটিআইয়ের নিরবচ্ছিন্ন অভিযানের ফলে দেশে ফলমূলে ফরমালিনের ব্যবহার অনেকাংশে কমে এসেছে। এ ছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় মৌসুমী ফল আম এবং লিচুতে ফরমালিন রোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিএসটিআইয়ের রুটিন ওয়ার্কের পাশাপাশি মহামান্য হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে সার্ভিল্যান্সের মাধ্যমে বাজার থেকে ফলমূল ক্রয়পূর্বক বিএসটিআইয়ের ল্যাবরেটরিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয়ে থাকে।
সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. ইকরামুল হকসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।