নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগার রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।
প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো এবং শিক্ষার্থীদের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পবিত্র রমজান, ক্লাস বন্ধের দিন, অন্যান্য সরকারি ছুটি ও বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগার খোলা রাখার এ সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় গ্রন্থাগারে অধিক সময় পড়াশুনা করার জন্য এই সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখার সাধারণ সম্পাদক কিশোর সরকার বলেন, ‘গ্রন্থাগারের সময় বৃদ্ধি করা এবং গ্রন্থাগারের পাঠকক্ষ ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে আসলে তা আমাদের আন্দোলনের ফসল। সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার ছিলো বলেই তা সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, পূর্বে কেন্দ্রীয় গ্রন্থাগারের সময় বৃদ্ধি এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক বাণিজ্যিক স্বার্থে গ্রন্থাগারের পাঠকক্ষ দখলের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে লাগাতার আন্দোলন করে আসছিলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখা।

