স্পোর্টস ডেস্ক : দিন চারেক পরেই শুরু ইউরো চ্যাম্পিয়নশিপ। তার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখছে জার্মানি। শনিবার রাতে টমাস মুলার জাদুতে হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে তারা।
ঘরের মাঠ ভেলটিনস-অ্যারিনায় শুরুর দিকটাকে খুব একটা সুবিধা আদায় করে নিতে পারেনি জার্মানি। ক্রস-মুলার-ওজিলদের একের পর এক আক্রমণ রুখে দেন হাঙ্গেরির ডিফেন্ডাররা। যা জার্মান শিবিরকে ঠেলে দেয় চরম হতাশায় ।
তবে সেই হতাশা কাটিয়ে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাঙ্গেরির ডিফেন্ডার অ্যাডাম লং! ম্যাচের ৩৯তম মিনিটে ইয়োনাস হেক্টরের শট রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। লংয়ের আত্মঘাতী গোলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে এসে জার্মানি খেলেছে জার্মানির মতোই। নামের প্রতি সুবিচার করেছেন দলের প্রাণভোমরা টমাস মুলার। খেলার ৬৩ মিনিটে আদায় করে নিয়েছেন দুর্দান্ত এক গোল। বায়ার্ন মিউনিখ তারকার গোলে ২-০ ব্যবধানে আত্মবিশ্বাস ফেরানো জয় নিয়ে মাঠ ছেড়েছে জোয়াকিম লোর দল।
আগামী ১২ জুন ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে জার্মানি। ‘সি’ গ্রুপে থাকা বিশ্বচ্যাম্পিয়নদের অপর দুই প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড ও পোল্যান্ড।

