নীলফামারী প্রতিনিধি : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাভ্যান চালক সুধীর চন্দ্র রায় (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা এলাকার ধলুরাম রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় পেশায় একজন রিকশাভ্যান চালক। গতকাল শুক্রবার রাতে পলাশবাড়ি বাজার থেকে যাত্রী নিয়ে চওড়া বড়গাছা এলাকায় যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দক্ষিণ চওড়া খেতারডাঙ্গা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে দুর্বৃত্তরা গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
এ সময় তার চিৎকারে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন ওসি।

