স্পোর্টস ডেস্ক : ভারতে সবচেয়ে জনপ্রিয় কারা? কারো মতে, রুপালি পর্দার তারারা। কেউ কেউ বলবেন, পর্দার নায়কদের চেয়েও এগিয়ে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা! এটা নিয়ে কম বেশি বিতর্ক হতে পারে। তবে ভারতে যে বলিউড ও ক্রিকেটাররা তুমুল জনপ্রিয় তা অস্বীকার করার উপায় নেই।
বলিউড ও ক্রিকেট যদি একসঙ্গে মিশে যায় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, এরকমটাই ঘটতে যাচ্ছে শনিবার ফুটবল মাঠে। ক্রিকেট ছেড়ে কোহলি অল হার্ট ফুটবল ক্লাবের নেতৃত্ব দেবেন। যেখানে তার সঙ্গে থাকবেন ধোনি, জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্র অশ্বিনের মতো তারকারা।
অন্যদিকে বলিউড তারকা অভিষেক বচ্চন নেতৃত্ব দেবেন অল স্টারস ফুটবল ক্লাবকে। তার সঙ্গে থাকছেন রণবীর কাপুর, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, পরিচালক সুজিত সরকারসহ আরও অনেকে। এককথায় শনিবার মাঠে আসা এবং টিভি পর্দায় দর্শকরা চাঁদের হাটই দেখতে পাবেন।
কেন এই ক্রিকেট বনাম বলিউড ‘সেলিব্রেটি ক্ল্যাসিকো ২০১৬’ ফুটবল ম্যাচের আয়োজন? এর উদ্দেশ্য দুটি। এক. বিরাট কোহলি ফাউন্ডেশন এবং দুই. হিউম্যানিটি চ্যারিটেবল ফাউন্ডেশনকে সাহায্য করা। অর্থাৎ এই ম্যাচ থেকে অর্জিত অর্থ চলে যাবে ওই দুই ফাউন্ডেশনে। যে অর্থ ব্যয় হবে মহৎ কোনো কাজে।

