স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শহীদ খান আফ্রিদি। হয়েছিলেন ম্যাচসেরাও। এরপর নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। সমালোচকদের রোষাণলে পড়ে পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার!
বয়সে বুড়িয়ে গেলেও অবশ্য ব্যাটে-বলে ধার কমেনি। বাজে ফর্ম তো সবারই যায়! হ্যাঁ, ইংলিশ কাউন্টি ক্রিকেটে গিয়ে স্বরূপে ফিরলেন আফ্রিদি। কেন্টের বিপক্ষে অলরাউন্ড পারফর্ম করে হ্যাম্পশায়ারকে ৯ রানে জিতিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে আফ্রিদির দল হ্যাম্পশায়ার। জবাবে পাকিস্তানি এই অলরাউন্ডারের বোলিং তোপে পড়ে ১৯.৩ ওভারে ১৪৯ রানে অলআউট হয় কেন্ট।
হ্যাম্পশায়ারের পক্ষে পাঁচ নাম্বারে ব্যাট করতে নেমে ১৪ বলে দুটি চারের সাহায্যে ২১ রান করেন আফ্রিদি। বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পকেটে পুরেছেন মূল্যবান তিনটি উইকেট। ম্যাচ শেষে দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

