স্পোর্টস ডেস্ক : দিনকে দিন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে। অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থিতু হওয়ায় উন্নতির শিখরে পৌঁছানোর অপেক্ষায় টাইগার বাহিনী। আগামী দুই-তিন বছরে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে পারবেন বলে আশাবাদী চন্ডিকা হাথুরুসিংহে।
এসব ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগই দেখছেন শ্রীলঙ্কান কোচ। পাশাপাশি এ কথাও স্মরণ করিয়ে দিলেন, আগামী দুই বছর বিদেশের মাটিতে খেলবেন মাশরাফিরা। যে কারণে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে টাইগারদের। আর তখনই বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা বোঝা যাবে।
দলকে নিয়ে পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আগামী দু-তিন বছর হবে বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ। তামিম-সাকিব-মাশরাফি-মুশফিক-মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড়েরা পারফরম্যান্সের চূড়ায় আছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ধারাবাহিক ভালো খেলার সময় এখনই।’
এ তো গেল আশার কথা। রোমাঞ্চের পাশাপাশি মাশরাফি-মুশফিকদের চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে বললেন হাথুরুসিংহে, ‘এটা যেমন রোমাঞ্চকর, তেমনি হবে চ্যালেঞ্জিং। আগামী দুই বছর আমাদের বিদেশের মাটিতেই বেশি খেলতে হবে। গত দুই বছর দেশের মাটিতে বেশি ম্যাচ খেলেছি। আমাদের দেখাতে হবে যে বাংলাদেশ ক্রিকেট কতটা উন্নতি করেছে।’
প্রসঙ্গত, চলতি বছরে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। অক্টোবর-নভেম্বরে খেলতে আসবে ইংল্যান্ড। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবেন মাশরাফিরা।
আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকায় যাবেন টাইগাররা। বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০১৮ সালের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।

