স্পোর্টস ডেস্ক : দিন পাঁচেক আগে ইনজুরির কবলে পড়েন ডগলাস কস্তা। চোট এতটাই গুরুতর ছিল যে কোপা আমেরিকা থেকে ছিটকে যান বায়ার্ন মিউনিখ তারকা। তার পরিবর্তে ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পান রিকার্ডো কাকা।
দুর্ভাগ্য তারও। ইনজুরি নামক ঘাতক কোপা আমেরিকায় খেলতে দিল না ২০০৭ সালে বর্ষসেরা ফুটবলারকে। এতে ফের ধাক্কা খেল ব্রাজিল শিবির। কাকার ইনজুরিতে কপাল খুলেছে গানসোর। সাও পাওলো তারকাকে ব্রাজিলের স্কোয়াডে ডেকেছেন ব্রাজিল বস কার্লোস দুঙ্গা।
ব্রাজিল জাতীয় দলের টেকনিকাল ডিরেক্টর গিলমান রিনাল্ডি বলেন, ‘কাকা অনুশীলনে স্বস্তিবোধ করছে না। আমরা তাকে পরীক্ষা করিয়েছি। রিপোর্ট অনুযায়ী, আগামী ২০ দিন তাকে অনুশীলনের বাইরে থাকতে হবে। এ কারণেই দল থেকে ছিটকে পড়েছে কাকা। তার পরিবর্তে গানসোকে দলে টেনেছি আমরা।’

