নিজস্ব প্রতিবেদক : বিএনপির সমালোচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, আজকে যারা নির্বাচন নিয়ে মায়াকান্না করেছে, তারা ‘হ্যাঁ’ ‘না’ ভোট দিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছিল। তাদের মুখে নির্বাচন নিয়ে সমালোচনা মানায় না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের মাঝে উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশকে ঈর্ষণীয় উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত দেশের অগ্রগতির এই ধারাকে ব্যাহত করবার জন্য বিদেশিদের সঙ্গে আঁতাত করে অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনী ট্রেন ফেল করেছেন। তিনি নির্বাচনে না এসে ৯২ দিন পেট্রলবোমা ও আগুন সন্ত্রাস করেছেন। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করেছে। নির্বাচনী ট্রেন ফেল করেছেন এখন আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’
বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদের সভাপতি আবুল খায়ের শাহজাহানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ।

