নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংঘাত, সহিংসতা, রক্তপাত ও মৃত্যুর ঘটনায় রেকর্ড করেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (৩১ মে) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি আরো বলেন, ‘জাল ভোট প্রদান, প্রকাশ্যে সিল মারা, ব্যালট পেপার ছিনতাই, প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী ব্যালট পেপারে আওয়ামী লীগের নিজ দলের কর্মীদের সিল মারাসহ ভোট কারচুপির ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক।’
এবারের নির্বাচনে এখন পর্যন্ত ১১৭ জনের প্রাণহানি ও আহত আরো প্রায় ৯ হাজার উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এ ঘটনার নেপথ্যে রয়েছে সরকার দলীয় মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের আধিপত্য বিস্তারের হিসাব-নিকাশ। এ কারণে সংঘাত মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী হিমশিম খাচ্ছে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ভোট কারচুপির সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।’
নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের উপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ তোলেন সাবেক এই মন্ত্রী। এ অবস্থার জন্য নির্বাচন কমিশন ও সরকারের উদাসীনতাকে দায়ী করেন তিনি। তিনি বলেন, ‘এটা সরকার ও কমিশনের ব্যর্থতা’।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ফয়সাল সৃষ্টি, মীর আবদুস সবুর আছুদ, সুনীল শুভ রায়, সাইফুদ্দিন মিলন প্রমুখ।

