নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তবে দলটির নেতারা বলছেন, মহানগরের চূড়ান্ত কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। শিগগরিই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন দক্ষিণ সমন্বয়ক আব্দুর রাজ্জাক এবং উত্তরের কর্নেল (অব.) ফারুক খান। প্রধানমন্ত্রীর কাছে তারা খসড়া পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা করেছেন। এখন চূড়ান্ত কমিটি নিয়ে আবার বৈঠক করার কথা রয়েছে।
চলতি জাপান সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের কথা রয়েছে। এ সফর শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন দুই সমন্বয়ক।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেন, নগর, থানা ও ওয়ার্ডের পর নগরের পূর্ণাঙ্গ কমিটিও সমন্বয়কের দায়িত্বপ্রাপ্তরাই করেছেন। এমনকি সে সময় খসড়া পূর্ণাঙ্গ কমিটিও করেছেন।
সূত্রটি বলছে, পূর্ণাঙ্গ কমিটিতে নবীন-প্রবীণদের সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া নতুন কমিটিতে আনা হবে নগরের সাবেক ছাত্রনেতাদের।
দীর্ঘদিন ধরে মহানগরের রাজনীতি ছিল মূলত সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেন্দ্রিক। কিন্তু নতুন কমিটিতে অনেকটাই কোণঠাসা তাদের অনুসারীরা। পূর্ণাঙ্গ কমিটিতে তাদের থাকা-না থাকা নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। এ নিয়ে হতাশায় আছেন নগরের সাবেক নেতারা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক একজন সহসভাপতি বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। দলীয় পদে রাখলেও আওয়ামী লীগ করব, না রাখলেও করব। তারপরও চাই দল যেন ত্যাগীদের মূল্যায়ন করে।
পূর্ণাঙ্গ কমিটি কবে ঘোষণা হবে এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। দলীয় সভাপতির অনুমোদন নিয়ে কমিটি ঘোষণা করার কথা জানান তারা।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ও দলের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াটি ফাইনাল স্টেজে আছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করা হবে।
উত্তরের সমন্বয়ক ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান বলেন, “আমরা পূর্ণাঙ্গ কমিটির একটি কাঠামো দাঁড় করেছি। প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে এলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

