পাঞ্জেরী ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ৪৪ জেলার ৮৬ উপজেলার ৭২০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এসব ইউপিতে ভোটার সংখ্যা ১ কোটি ১০ লাখের কিছু বেশি।
স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ তৃণমূলের এ নির্বাচনে প্রার্থীদের প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাতে। শুক্রবার ভোটগ্রহণ কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন ব্যালট পেপার, স্বচ্ছ ভোটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। এক লাখেরও বেশি নির্বাচনী কর্মকর্তা ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন।
চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোটবর্জন করেছেন অনেক প্রার্থী। বাংলামেইলের স্টাফ ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য।
ব্রাহ্মণবাড়িয়া : ব্যাপক ভোট কারচুপি, পুলিশ, প্রিজাইডিং অফিসারদের অসহযোগিতামূলক আচরণ ও কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। প্রার্থীরা হলেন-জেলার নাটাই (উত্তর) ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম। তালশহর (পূর্ব) ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম। কসবা উপজেলার বায়েক ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান। শহরের রামরাইল ইউনিয়নে বিএনপি প্রার্থী মো. সাদেকুর রহমান।
নাটোর : নির্বাচনী পরিবেশ না থাকায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. হজরত আলী নির্বাচন বর্জন করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় নাটোর জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে হজরত আলী ভোটবর্জনের ঘোষণা দেন।
নরসিংদী : ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপি চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন।
বরিশাল : জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগে জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন সিকদার বেলা ১১টার নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

