সাভার প্রতিনিধি : সাভারের কলমা এলাকায় নাহার পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় শহীদুল মোল্লা (৪৩) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল চাঁদপুর জেলার কচুয়া থানাধীন আসরাফপুর গ্রামের মৃত আলী হোসেন মোল্লার ছেলে এবং সাভারের কলমা এলাকায় বাড়ি করে বসবাস করেছে আসছিলেন। তিনি সেনা বাহিনী থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
পুলিশ জানায়, সাভারে কলমা এলাকায় সড়ক সংলগ্ন বাড়ির সামনে কাজ করছিলেন শহীদুল। এ সময় হঠাৎ করে নাহার পরিবহনের একটি দ্রুতগামী বাস পিছন থেকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাসটি আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

