নিউজ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে নির্মাণ ও কাঠশিল্প পণ্যের তিনদিনের প্রদর্শনী ২৬ মে শুরু হবে। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ শিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হচ্ছে।
গত শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনী দু’টির বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রর্দশনী দু’টির আয়োজন করেছে। সহযোগিতা করেছে ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ছাড়া প্রদর্শনী দু’টিতে চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইতালি, অস্ট্রিয়া, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিবে। এতে তুলে ধরা হবে নির্মাণ এবং কাঠশিল্প সংশ্লিষ্ট প্রযুক্তি ও যন্ত্রপাতি। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল অংশীদারদের পারস্পারিক যোগাযোগ ঘটবে এবং তৈরি হবে নতুন ব্যবসায়িক সম্ভাবনা।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘দ্বিতীয় ‘বাংলাদেশ বিল্ডকন ২০১৬’-এর মূল উদ্দেশ্য দ্রুত বর্ধনশীল নির্মাণ শিল্প-সংশ্লিষ্ট সবধরণের পণ্যসামগ্রি তুলে ধরা এবং এ শিল্পকে আরো এক ধাপ এগিয়ে নেয়া। প্রদর্শনীতে একটি কার্যকরী বিপণন প্লাটফর্ম এবং সহযোগিতামূলক শিল্প ফোরাম দেশ-বিদেশের শীর্ষস্থানীয় সরবরাহকারীদের স্থাপত্য, নির্মাণ, নির্মাণ সামগ্রি, প্রকৌশল, উদ্ভাবন, ইন্টেরিয়র ডিজাইন তুলে ধরবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য নির্মাণ শিল্প। এই শিল্পের সামনে রয়েছে অপার সম্ভাবনা। গত বিল্ডকন প্রদর্শনীতে এই শিল্প সংশ্লিষ্ট সকল অংশীদারদের বিপুল সমাগম দর্শক এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়ক হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের প্রদর্শনীর আয়োজন।’
ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড’র পরিচালক বলেন, ‘জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড ২০১৬’ হচ্ছে কাঠ এবং আসবাব শিল্পের একমাত্র এবং অনন্য আর্ন্তজাতিক ট্রেডশো, যেখানে এই শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, ম্যাটেরিয়াল, যন্ত্রপাতি এবং সহায়ক অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আসবাব শিল্প স্থানীয়ভাবে এবং বিশ্বব্যাপী বিস্তৃত হচ্ছে। ৯০ এর দশকে এই খাত যান্ত্রিক উৎপাদনভিত্তিক শিল্পে পরিণত হয়। তখন থেকেই আসবাব ব্যবসা আধুনিক যন্ত্রপাতি, উদ্ভাবনীমূলক ডিজাইন এবং বৈচিত্র্যপূর্ণ উপকরণের ব্যবহারের মাধ্যমে বড় হতে থাকে। বাংলাদেশ উড ২০১৬’ এর লক্ষ্য বৈশ্বিক প্রযুক্তিকে এদেশে নিয়ে আসা এবং স্থানীয় শিল্পের দোরগোড়ায় তা পৌঁছে দেয়া। বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিএফইএ) এবং বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিএফআইওএ)’এর সদস্যদের আকৃষ্ট করতেই এবারের প্রদর্শনী।’
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

