
পাঞ্জেরী ডেস্ক : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিগ্রি চালু করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ব্যবসায় শিক্ষা বিষয়ে দেয়া হবে এই ডিগ্রিটি। চার বছরের এই ডক্টরেট মানের ডিগ্রিটির জন্য খরচ পড়বে ২ লাখ ৩০ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬২ লাখ ৪৮ হাজার টাকার সমান।
এই খরচের মধ্যে থাকা-খাওয়ার ব্যয় অন্তর্ভুক্ত হবে না। পিএইচডি’র সমতুল্য এই ডিগ্রিটির নাম হবে ‘ডক্টরেট অব বিজনেস ডিগ্রি’। তবে ডিগ্রিটির জন্য এখনো নির্দিষ্ট কোনো বিষয়ের অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির এক প্রতিনিধি বলেন, ‘চার বছরের ওই ডিগ্রিটির জন্য বাৎসরিক খরচ হবে একটি এমবিএ ডিগ্রির খরচের সমতুল্য। এছাড়া প্রোগ্রামটি হবে ছোট পরিসরে এবং বাছাইকৃত বিষয়ের। একটি কার্যকর শিক্ষার সব উপকরণ নিশ্চিত করা হবে এই ডিগ্রিটিতে।’
ইতিমধ্যে নতুন কোর্সের খসড়া তৈরির কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অনুষদের শিক্ষকরা। তবে বিশাল খরচের নতুন এই কোর্সটির প্রয়োজনীয়তার বিষয়ে বিশ্ববিদ্যালয়কে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন অনেক শিক্ষক।

