বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার নিয়মিত মুখ আইরিন তানি অভিনীত প্রথম চলচ্চিত্র্র ‘বিদ্রোহী পদ্মা’ ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। বাদল খন্দকারের ওই ছবিতে নজর কেড়েছিলেন এই নবাগতা। দীর্ঘদিন পর দ্বিতীয় চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি ছবিটির দৃশ্যধারণও শুরু হয়েছে নেত্রকোণায়।
জেহাদ পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘কল্প না’। এতে আইরিনের নায়ক ইমরান ইমু। আরো অভিনয় করেছেন স্বীকৃতি ও লুৎফর হাসান।
প্র্রথম চলচ্চিত্রের পর নানা কারণে চলচ্চিত্র থেকে বিরতি নিতে হয়েছে তানির।তবে টিভি নাটকে তার উপস্থিতি ছিলো নিয়মিত। চলচ্চিত্রটি প্রসঙ্গে তানি বললেন, ‘ছবিটিতে আমি নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছি। দেশাত্মবোধক একটি গল্প থাকছে ছবিটিতে। এর পাশাপাশি নর-নারীর প্রেমও আছে। কিছু সুন্দর গানও রাখা হয়েছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’
নির্মাতা খান জেহাদ জানান, ‘ছবিটিতে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সংকট ও উত্তরণের গল্প বলবেন তিনি। ছবির নামের ব্যাপারে জানান, কল্পনা প্রসূত ও আশপাশের ঘটনা থাকছে গল্পে। তাই বলে এটা অবাস্তব নয়। এ কারণেই ছবির নাম ‘কল্প না’।

