বিনোদন ডেস্ক : একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। সুখে দুঃখে আনন্দ বেদনায় এই ক’দিন তারা ছিলেন একে অন্যের। কিন্তু রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হলো হলিউডের আলোচিত সিনেমা ‘ট্রিপল এক্স’ সিরিজের নতুন ছবি ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর শুটিং। আর বিদায়ের এই লগ্নে মন খারাপ ছবির অন্যতম অভিনেত্রী নীনা ডুবরেভের! তাই মন খারাপের মুহূর্তটা বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে শেয়ার করলেন নীনা!
গত চারমাস ধরে টানা চলছে হলিউডের আলোচিত সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর শুটিং। শুটিং চলাকালে ছবির প্রত্যেকটি চরিত্র একসঙ্গে কাজ করতে করতে একটা পরিবারে রূপ নিয়েছিল। কিন্তু গতকাল শেষ হয়ে গেছে ছবির শুটিং। ফলে বিভিন্ন তারকাদের মধ্যে যে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল তারও বিদায় ঘন্টা বাজলো।
হলিউডের ছবি ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর শুটিং শেষে বিদায় বেলার মুহূর্তটায় কিছুটা ইমোশনাল হয়ে গেছেন হলিউডের অভিনেত্রী নীনা ডুবরেভ। কারণ এই ছবির মধ্য দিয়েই বলিউডের অভিনেত্রী দীপিকার সঙ্গে তার অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু ছবির শুটিং শেষ হওয়ায় প্রত্যেকে নতুন সিনেমার কাজে পৃথক হয়ে যাবেন! আর তাই ইনস্টাগ্রামে দীপিকার সঙ্গে একটি স্পর্শকাতর ছবি পোস্ট করে তিনি লিখেন, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে এতোদিন ধরে অসাধারণ কিছু মানুষের সঙ্গে একসঙ্গে ছিলাম। এমনকি ‘ট্রিপল এক্স’-এর এই পরিবারকে ছেড়ে যেতে তার মন খারাপ লাগছে বলেও জানান নীনা।
প্রসঙ্গ, হলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ট্রিপল এক্স’এর নতুন সিনেমা ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর মধ্য দিয়ে হলিউডে অভিনয়ে পা রাখেন বলিউডের ‘মাস্তানি’ খ্যাত তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে ‘ফিউরিয়াস’ খ্যাত হলিউড তারকা অভিনেতা ভিন ডিজেল। ছবিটি পরিচালনা করেছেন ডিজে কারসো। আসছে বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

