রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের পাঠের জন্য ই-বুক এবং ই-জার্নাল কেনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যার মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরির বইয়ের পাশাপাশি অনলাইনে বিশ্বের সব ধরনের বই এবং পত্রিকা পাঠ করতে পারবে।
এ ব্যাপারে লাইব্রেরি কর্তৃপক্ষ জানান, যান্ত্রিক কাজগুলো শেষ হলেই শিগগির শিক্ষার্থীরা ই-বুক এবং ই-জার্নালের সুযোগ-সুবিধা গ্রহণ করতো পারবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইভান চৌধুরী বলেন, ‘লাইব্রেরিতে ই-বুক এবং ই-জার্নাল চালু করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খুব ভালো একটা উদ্যোগ। এর মাধ্যমে আমরা বিশ্বের সব ধরনের বই খুব সহজেই পড়তে পারব।’
লাইব্রেরিটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে এর প্রতিটি বইয়ে কোড ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে সব ভাষা-ভাষীর শিক্ষার্থীরা বই-কোড ব্যবহার করে পাঠ্যপুস্তক চিহ্নিত করতে পারবেন।
এ ব্যাপারে লাইব্রেরির সহকারী পরিচালক আব্দুস সামাদ প্রধান বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে লাইব্রেরিটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।’

