নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলা ভবন, ডাকসু, সেন্টার লাইব্রেরিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এর সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জামায়াতের ডাকা অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। মহান মুক্তিযদ্ধের সময় নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন। তার নেতৃত্বে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। কোনো ষড়যন্ত্রই তাকে রক্ষা করতে পারেনি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর করা হয়েছে।’ তিনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
এস এম জাকির হোসেন বলেন, ‘কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামীর বিচারকার্য সম্পাদন করা হয়েছে। নিজামী ছিলেন আত্মস্বীকৃত রাজাকার। আলবদর বাহিনীর প্রধান কমান্ডার। তিনি এক চিঠিতে লিখেছেন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নন।’ তিনি সকল রাজাকারদের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে বলেন, ‘নিজামীর ফাঁসির পর পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। অবিলম্বে পাকিস্তানের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায় ছাত্র সমাজ বসে থাকবে না। জামায়াতের কোনো হরতাল এদেশে চলবে না। জনগণ প্রমাণ করে দিয়েছে তারা হরতাল মানে না।’ তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে অগ্র সৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানান।
আবিদ আল হাসান বলেন, ‘এই রায় কার্যকরের পর জাতি আজ কলঙ্কমুক্ত হতে চলেছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদেও গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারদের ফাঁসি দিয়ে পুরো দেশ জাতিকে কলঙ্কমুক্ত করেছে।’ তিনি সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র করে যাচ্ছেন। ইসরাঈলের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করে আবার ক্ষমতায় যেতে চায়। ছাত্রলীগকে এসব ষড়যন্ত্রেও বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’
সমাবেশে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত সৈয়দ আশিকুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা প্রমুখ।

