রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নেশার টাকার জন্য রনি হোসেন (২৮) নামে এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মহানগরীর হেতম খাঁ এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।
রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সেলিম বাদশা জানান, রনি ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রনি মাদকাসক্ত ছিলেন। বুধবার রাতে বাড়ি ফিরে নেশার করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে টাকা চান এবং এজন্য ভাঙচুর চালান। কিন্তু পরিবারের সদস্যরা তাকে টাকা না দিলে তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ঘুমাতে যান। পরে বৃহস্পতিবার সকালে তারা সাড়াশব্দ না পেয়ে আত্মহত্যার বিষয়টি টের পান।
এ সময় থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান ওসি তদন্ত সেলিম বাদশা।

