নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) মন্ত্রিপরিষদের সদস্য ও ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতের আমির নিজামীর ফাঁসি হলো, আর খালেদা জিয়া কথা বললেন না। তার মানে, নীরবতা সম্মতির লক্ষণ। তবে জাতি জানতে চায়, এ রায় কার্যকর হওয়ায় আপনি সন্তুষ্ট নাকি দুঃখিত?’
বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিসিআইসি অডিটরিয়ামে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ার মাধ্যমে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিজামী ছিলেন মহাহত্যাযজ্ঞের মহানায়ক। তার ফাঁসিতে দেশবাসী সন্তুষ্ট। আর এ সাহসী কাজ সফলভাবে শেষ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
পাকিস্তান বন্ধু না শত্রু, উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের মাধ্যমে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে আমাদের যে সম্পদ লুট করেছে পাকিস্তানকে তা ফেরত দিতে হবে।’
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আক্তারসহ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

