গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে আম্বিয়া বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে শফিকুলের ঘরে তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় তারা।
নিহত আম্বিয়ার পরিবার জানায়, প্রায় ৬ বছর আগে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আম্বিয়াকে ভালোবেসে বিয়ে করে একই গ্রামের মুনসুর আলীর ছেলে শফিকুল। তাদের দাম্পত্য জীবনে সেতু নামের ৩ বছরের একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে শফিকুল একটি মেয়ে সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। গত মঙ্গলবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হলে শফিকুলের নির্যাতনে স্ত্রী আম্বিয়ার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কথা বলা ঠিক হবে না।

