কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপিকে পাকিস্তানের আদর্শে লালিত রাজনৈতিক দল আর বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ।
দেশের অন্যতম প্রধান এই দল সম্পর্কে হানিফ আরো বলেন, ‘বিএনপি সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার বড় প্রমাণ মুসাফিরদের সাথে তাদের সম্পর্ক তৈরি করা ও তাদের সহায়তা চাওয়া। তাই বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটা পাকিস্তানের আদর্শে লালিত একটি রাজনৈতিক দল। আর বেগম খালেদা জিয়া মূলত এ দেশের মানুষের কোনো নেতা নন। তিনি পাকিস্তানের এজেন্ট।’
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার হানিফনগরের নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার জরিপে বর্তমান সরকার দেশের শতকরা ৭০ ভাগ মানুষের জনপ্রিয়তায় রয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর জনগণদ্বারা প্রত্যাখাত দল বিএনপি নেতা মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে কথা বলে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও নব-নির্বাচিত বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোমিন মণ্ডলসহ দলীয় নেতা-কর্মীরা।

