নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ। যাতে তারা মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ছোটাছুটি করার সুযোগ পায়। বিষয়টি মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও নির্দেশনায় খেলার মাঠ কেনা হচ্ছে।’
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর এ উদ্যোগের কথা জানান।
মির্জা আজম বলেন, ‘রাজধানী ঢাকার বুকে খেলার মাঠ দূরে থাক, ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু শিশু-কিশোরদের সুষ্ঠুভাবে বেড়ে উঠতে প্রয়োজন খেলার মাঠ। মুক্ত আকাশের নিচে নির্বিঘ্নে ছোটাছুটি করার সুযোগ। সে কথা বিবেচনায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগ ও নির্দেশনায় কেনা হচ্ছে খেলার মাঠ।’
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখি ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষিদের সোনালী স্বপ্নপূরণে জোরদার পদক্ষেপ নিচ্ছে সরকার।’
এজন্য পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ভাতা পরিশোধ, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, পাটকলগুলোকে উৎপাদনমুখি করতে ও যথাসময়ে পাট ক্রয়ের জন্য বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) ১ হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে পাটখাতে দীর্ঘ দিনের যে অচলাবস্থা ছিল তা দূর হবে।
মির্জা আজম বলেন- ‘আবারো ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে প্লাস্টিকের বস্তার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এসব পণ্যের ক্ষেত্রে সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য আবারো ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এজন্য সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ আইন বাস্তবায়ন মনিটরিংয়ের জন্য নির্দেশনা দেয়া হচ্ছে।’

