নিজস্ব প্রতিবেদক : বিএনপির সব কর্মকাণ্ড সন্দেহজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান বলেন, ‘বিএনপি দিনের বেলায় কোনো বৈঠক করে না। তারা সব সময় গভীর রাতে বৈঠক করে। এটি একটি রহস্যের বিষয়। প্রকৃতপক্ষে বিএনপি’র সমস্ত কার্যক্রম সন্দেহজনক।’
তিনি বলেন, ‘যে দলের প্রধান নেত্রী দুর্নীতিবাজ সেই দলের নেতা কর্মীদের কাছে থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশের যে রাজনৈতিক দল পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনীর টাকা খেয়ে তাদের মতো করে কথা বলে সেই দলের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সে দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করছি।’
‘পাকিস্তানের আদালতে প্রমাণ হয়েছে ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আইএসআই বিএনপি’কে ৫ কোটি টাকা দিয়েছে। যে দল বাংলাদেশের কাছে পরাজিত হওয়া শত্রুর কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে, তাদের চর হিসেবে কাজ করে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের পর পাকিস্তান যেভাবে কথা বলে, ঠিক তেমনি ভাবে বিএনপিও কথা বলে।’ যুদ্ধাপরধীদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর করা হবে বলেও যোগ করেন তিনি।
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারাণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

