
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। মালিকপক্ষের পিটুনিতে এ সময় কারখানার অন্তত তিন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার গ্রিন লাইফ গ্রুপের গ্রিন লাইফ নিট কম্পোজিট কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, সকালে টঙ্গাবাড়ি এলাকায় গ্রিন লাইফ নিট কম্পোজিট কারখানায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে এক শ্রমিক। এ সময় মোবাইল ফোন নিয়ে কারখানায় প্রবেশে অনুমতি নেই বলে ওই কারখানার এক টাইমকিপার। পরে ওই টাইমকিপারের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কারখানার মালিক সায়মনের নির্দেশে ওই টাইম কিপার তিন শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এ ঘটনায় কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ওই টাইমকিপারের বিচারের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। বিচার না হওয়া পর্যন্ত কাজে যোগ দিবেন না বলে জানিয়েছে শ্রমিকরা।
এদিকে, কাজে যোগ না দিলে শ্রমিকদের একমাসের বেতন না দিয়ে কারখানা থেকে পিটিয়ে বের করে দেয়ার হুমকি দিয়েছেন মালিক সায়মন ও তার লোকজন। এ রকম অভিযোগ করেছেন নির্যাতিন শ্রমিকরা।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

