নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার বটির কোপে চাচা আকমল হোসেন (৩২) খুন হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকমল হোসেন (৩২) ওই এলাকার বলাই গণির ছেলে।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাসলিম উদ্দিন জানান, নিজেদের বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে সাদেক হোসেন এবং তার ভাই আকমলের মধ্যে সোমবার সকালে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সাদেকের ছেলে সুমন উত্তেজিত হয়ে ঘরে থাকা বটি দিয়ে চাচা আকমলের গলায় কোপ দেয়। এ সময় বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে।

