সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের ষোলমাইলে কাভার্ডভ্যান চাপায় এক সেনা সদস্যের স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্মা খাতুন (২৪) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের সেনা সদস্য জিয়াউর রহমানের স্ত্রী এবং মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৫) বগুড়া জেলার ধুনট থানার চৌকিবাড়ী ইউনিয়নের কৈইগাছী গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রত্মা খাতুন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে তার স্বামীর বাড়ি পশ্চিম লক্ষ্মীকোলায় যাচ্ছিলেন। দুপুরের দিকে চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বগুড়াগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সোহেল রানা নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত রত্মা খাতুনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

