চাঁদপুর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকায় বজ্রপাতে আয়াত আলী (৬০) ও আসাবি বেগম (৫০) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে পৌর এলাকার সিকিরচর এলাকার প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আয়াত আলী ওই বাড়ির মৃত জব্বার প্রধানিয়ার ছেলে এবং আসাবি বেগম আয়াত আলীর স্ত্রী। তাদের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল খান জানান, সন্ধ্যার পর বাড়ির আঙ্গিনায় বোরো ধানের খড় উঠানোর কাজ করছিলেন আয়াত আলী ও তার স্ত্রী। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন সেখান থেকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত বলে ঘোষণা করেন।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বশির আহম্মেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

