খুলনা প্রতিনিধি : মহানগরীর দৌলতপুর থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা রুবেল ভুইয়া ওরফে কালাকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে দৌলতপুর দেয়ানা মধ্যডাঙ্গা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল ওই এলাকার নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আনোয়ার হোসেন জানান, নিহত রুবেল ওরফে কালা বৃহস্পতিবার রাত ১টার দিকে ফোন পেয়ে বাড়ির বাহিরে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার সকাল ৭টার দিকে দৌলতপুর দেয়ানা মধ্যডাঙ্গা এলাকায় অবস্থিত নিজ বাড়ির পাশের ফাঁকা স্থানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের কোপানোর একটি চিহ্ন রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও কিছু জানা যায়নি।
ওসি বলেন, ‘তাকে এলাকার সকলে কালা নামে চেনে। সে দৌলতপুর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে এখনও তিনটি মাদক মামলা রয়েছে।’

