বগুড়া প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, ভাঙচুর, নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াতের ১২ নেতাকর্মী এবং শিবিরের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর থানায় ১ জন, শাজাহানপুর ৪ জন, আদমদীঘিতে ২ জন, গাবতলীতে ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন, ধুনটে ১ জন রয়েছেন। এদিকে, ৩ শিবির কর্মীকে কোন থানার পুলিশ গ্রেপ্তার করেছে তা নিশ্চিত করেনি পুলিশ।
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি আপিল বিভাগ বহাল রাখার পর বগুড়ায় নতুন করে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ।

