ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত নিষিদ্ধের পথ সুগম হল

Link Copied!

imranনিজস্ব প্রতিবেদক : একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় নেতৃত্বদানকারী, আলবদর বাহিনীর কমান্ডার মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় শাহবাগে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বৃহস্পতিবার (৫ মে) সকালে সুপ্রিম কোর্ট নিজামীর রিভিউ আবেদন খারিজ করেন। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সব আইনি লড়াই শেষ হয়। তার সামনে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রইল।
রায়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘এই রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে জনমনে যে আশংকা তৈরি হয়েছিল তা দূর হয়েছে।’
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী বাংলাদেশের জাতীয় পতাকা তার গাড়িতে ওড়াবার ধৃষ্টতা প্রদর্শন করেছিল। এই রায়ের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্থাপিত হল যে, অপরাধী যত ক্ষমতাধরই হোক, তাকে শাস্তি পেতে হবে।’
দ্রুত জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে ইমরান বলেন, ‘নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহালের মধ্য দিয়ে জামায়াত নিষিদ্ধের পথ আরও সুগম হল। যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে বাকি সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে মুক্তিযুদ্ধের চেতনার আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে মনোযোগী হতে হবে।’
কালবিলম্ব না করে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে দ্রুত ‘কুখ্যাত নরঘাতক’ নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। গান, স্লোগান আর বক্তৃতার মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি চলে। বেলা সাড়ে ১১টায় রিভিউ আবেদন খারিজের সংবাদে বিজয়চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এরপর শাহবাগ থেকে একটি আনন্দ মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন তারা।
‘গলাকাটা রাজনীতি, আর না’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ প্রভৃতি স্লোগান নিয়ে শাহবাগ ও তার আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা।