ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গালুরুকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল মুস্তাফিজের হায়দরাবাদ

Link Copied!

ipl-logoক্রীড়া প্রতিবেদক : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৫ রানে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মুখোমুখিতে বেঙ্গালুরুর কাছে হেরেছিল হায়দরাবাদ।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ৬ উইকেটে ১৭৯ রানে থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস। রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর ম্যাচ শুরু হয়।

আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে হায়দরাবাদ স্কোরবোর্ডে বড় পুঁজি পায়। তবে শুরুটা ভালো ছিল না তাদের। ২৮ রানে ফিরে যান শেখর ধাওয়ান (১১)। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ১২৪ রানের জুটি গড়েন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকা ওয়ার্নার মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৫০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৯২ রান করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এ ছাড়া কেন উইলিয়ামসন করেন ৩৮ বলে ৫০ রান। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হেনরিকিউয়েস। মাত্র ১৪ বলে ৩১ রান করেন অসি ক্রিকেটার। ১ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। বল হাতে বেঙ্গালুরুর সেরা বোলার কেন রিচার্ডসন। ৪৫ রানে নেন ২ উইকেট।

ওভারপ্রতি ১০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে বেঙ্গালুরু। শুরুটা ছিল দারুণ। ৫ ওভারে তুলে নেন ৪২ রান উদ্বোধনী দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লের শেষ ওভারে ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের হাতে বল তুলে দেন। বল হাতে শুরুতেই দলকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ। প্রথম বল ডট হওয়ার পর দ্বিতীয় বলে বিরাট কোহলির উইকেট নেন মুস্তাফিজ। এগিয়ে এসে মারতে গিয়ে মুস্তাফিজের স্লোয়ারে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন কোহলি (১৪)। এবারের মৌসুমে এটিই কোহলির সর্বনিম্ন রান। তার ফিরে যাওয়ার পর আরেক ওপেনার লোকেশ রাহুল আক্রমণাত্মক ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ২৮ বলে ৫১ রান করে হেনরিকিউয়েসের শিকার হন ডানহাতি এ ওপেনার। ক্রিজে আসা শেন ওয়াটসন ২ রান করে রানআউট হয়ে ফিরে যান। এক প্রান্তে ব্যাট চালিয়ে যেতে থাকেন এবি ডি ভিলিয়ার্স। ৩২ বলে ৪৭ রান আসে তার ব্যাট থেকে। তাকে আউট করেন ভারতের ‘মুস্তাফিজ’ স্রাণ। এরপর হায়দরাবাদের সঙ্গে লড়াইয়ে পারেনি বেঙ্গালুরু। শেষ দিকে শচীন বেবির ২৭ ও কেদার যাদবের ২৫ রান পরাজয়ের ব্যবধান কমিয়ে নিয়ে আসে।

মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৪ রানে নেন ১ উইকেট। এ ছাড়া আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, স্রাণ ও হেনরিকিউয়েস একটি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ডেভিড ওয়ার্নার।