বিনোদন ডেস্ক : আরেকটু হলেই লেগেই যেত বউ-শ্বশুরের যুদ্ধ! কিন্তু শ্বশুরের বদান্যতায় জিতে গেল পুত্রবধূই! বলছিলাম ‘বচ্চন পরিবার’-এর পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং এই পরিবারের শেকড় ও ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চনের কথা!
হ্যাঁ। আর একটুর জন্য আসছে মাসের ২০ তারিখে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে লেগে যেত অমিতাভ বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়ার মধ্যে তুমুল যুদ্ধ। কিন্তু এমন সম্ভাব্য যুদ্ধকে অমিতাভ কৌশলে এড়িয়ে গেলেন।
ঘটনাটা খুলেই বলি, আসলে ২০ মে ঐশ্বরিয়ার রাই বচ্চন অভিনীত আলোচিত ও ঐতিহাসিক সিনেমা ‘সর্বজিৎ’-এর সঙ্গে একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল অমিতাভ বচ্চন ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ঋভু দাশগুপ্তের সিনেমা ‘তিন’। কিন্তু পুত্রবধূর সাথে প্রেক্ষাগৃহের সংঘর্ষে যেতে রাজি হলেন না অমিতাভ বচ্চন। আর তাই ঐশ্বিরিয়াকে সুযোগ করে দিয়ে নির্মাতা-প্রযোজককে বলে নিজের ছবি মুক্তির তারিখই পিছিয়ে দিলেন!
গুঞ্জন শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার জন্য সহমর্মি অমিতাভ বচ্চন। বিয়ের পর সিনেমায় খুব একটা দেখা যায়ান ঐশ্বরিয়াকে। আর একমাত্র মেয়ে আরাধ্যর জন্মের পরতো সিনেমা ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু গত বছরে ‘জজবা’ দিয়ে সিনেমায় ফিরলেন ঐশ্বরিয়া। ছবিটি আলোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে রীতিমত ফ্লপ করে। তবে দমে যাননি ঐশ্বরিয়া। সদর্পে অভিনয়ে ফিরে আসতে সংগ্রাম করছেন তিনি। আর এরই মধ্যে অভিনয় করলেন ঐতিহাসিক কাহিনী অবলম্বনে ‘সর্বজিৎ’। যে ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত হচ্ছে। মে মাসের ২০ তারিখে আগে থেকেই ছবিটির রিলিজের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা অমুং কুমার।
আর একই দিনে অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘তিন’-এর রিলিজ ডেট ঘোষণা দিয়েছিলেন ঋভু দাশগুপ্ত। ফলে বক্স অফিসে বউ-শ্বশুরের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত অমিতাভের বদান্যতায় ‘তিন’ ছবির রিলিজ ডেটই পিছিয়ে দিলেন নির্মাতা। ২০ মে তারিখের পরিবর্তে অমিতাভ ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘তিন’ ছবিটি মুক্তি পাবে ১০ জুন।

