স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো ম্যাচে আশানুরূপ পারফর্ম না করতে পারলে কী আর হতে পারে? নিশ্চিত পরাজয়ের গ্লানি সঙ্গে নিয়েই মাঠ ছাড়তে হবে, এটাই তো! বায়ার্ন মিউনিখের ক্ষেত্রে ঘটল তেমনই। ধীর গতিতে খেলতে গিয়ে প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে বায়ার্ন। এতে ভীষণ হতাশ জার্মান ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।
তবে প্রতিপক্ষ দল অ্যাটলেটিকোর জয়ের নায়ক সাউল নিগুয়েজের প্রশংসা করতে ভুল করেননি গার্দিওলা। সাউলের দুর্দান্ত গোলটির বন্দনায় বায়ার্ন বস বলেন, ‘ গোলটি দারুণ হয়েছে। তবে ভুলটা আমাদেরই। সর্বোপরি, এটা একটা ভালো ম্যাচ ছিল। কিন্তু আমরা শুরুটা করেছি ধীর গতিতে। ওই কচ্ছপ গতির খেলার ফলই ওই গোল। এভাবে খেলে আসলে জেতা সম্ভব নয়।’
আগামী মঙ্গলবার ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ আরিনায় অ্যাটলেটিকোকে স্বাগত জানাবে বায়ার্ন। ওই ম্যাচে ঘুরে দাঁড়াবে জার্মান ক্লাবটি। দলীয় কোচ গার্দিওলার কথায় ফুটে উঠছে এমন তথ্যই, ‘ফিরতি লেগে আমাদের ভালো খেলতে হবে। ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে আমাদের একটি গোল করতে হবে। ফাইনালের আশা এখনই ছাড়ছি না।’

