রাবি (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ষষ্ঠ দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিভিন্ন বিভাগ মানববন্ধন, প্রতিবাদ র্যালি, মৌন মিছিল, বিক্ষোভ মিছিল করছে।
সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মানববন্ধন করে সঙ্গীত বিভাগ। এছাড়াও নাট্যকলা, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি বিভাগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে। এদিকে বিভিন্ন বিভাগ ও সংগঠনকে আন্দোলনের প্রস্তুতি নিতে দেখা গেছে।
তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মূল আন্দোলন পরিচালিত হচ্ছে মুকুল মঞ্চ থেকে। ইংরেজি বিভাগের সামনে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর নামে আন্দোলন পরিচালনা করার জন্য এই মুকুল মঞ্চ গড়ে তোলা হয়েছে। এ মঞ্চ থেকে পরবর্তী সকল আন্দোলন পরিচালিত হবে।
উল্লেখ্য, গত শনিবার নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে ১০০ গজ দূরে দুর্বৃত্তদের হাতে নিহত হন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনার দিন থেকেই রাবি শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল-সমাবেশ, অবস্থান ধর্মঘট, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

