বিনোদন ডেস্ক : চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের সব ছবিকে পেছনে ফেলে সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে প্রথম স্থানে জায়গা করে নিল ভারতীয় বংশদ্ভুত অভিনেতা নীল শেঠি অভিনীত হলিউডের সিনেমা ‘দ্য জঙ্গল বুক’। ৮ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি এখন পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ১৩৩ কোটি রুপি।
বলিউড ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ আজ টুইট করে জঙ্গল বুকের ইতিহাস সৃষ্টি করার বিষয়টি নিশ্চিত করেন। প্রথমে তিনি টুইট করে জানান, ২০১৬ সালে বলিউডে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি আয় করা অক্ষয় কুমারের আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘এয়ারলিফট’কেও ছাড়িয়ে গেল ‘জঙ্গল বুক’।
এরপর আরো একটি টুইটে মুক্তির তৃতীয় সপ্তাহেও ভারতীয় প্রেক্ষাগৃহে জঙ্গল বুকের দাপট নিয়ে কথা বলেন তিনি। ৮ এপ্রিল মুক্তি পাওয়া হলিউডের এই ছবিটি চলতি সপ্তাহেই ১৫০ কোটি রুপি অর্জনের মাইলফলক স্পর্শ করবে বলেও আশা প্রকাশ করেন তারান জানান, মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও দারুণ শুরু করেছে জঙ্গল বুক। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে ১৩৩ কোটি রুপি। এভাবে চলতে থাকলে চলতি সপ্তাহেই ছবিটি দেড়শো কোটি রুপি আয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘দ্য জঙ্গল বুক’ প্রথম কোনো হলিউডের সিনেমা যা ইউরোপ-আমেরিকা মুক্তির আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে গত ৮ এপ্রিল। আর মুক্তির তৃতীয় সপ্তাহের তৃতীয় দিনে এসে ভারতের বক্স অফিসে ছবিটি স্পর্শ করল একশো ৩৩ কোটি রুপির মাইলফলক! ভারতের প্রেক্ষাগৃহে কোনো হলিউড সিনেমা হিসেবে এটা রীতিমত মস্ত রেকর্ড!
পোস্টার, টিজার আর ট্রেলারে বিশ্ব সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘দ্য জঙ্গল বুক’ সিনেমাটি। হলিউডের প্রেক্ষাগৃহগুলো ছবিটি মুক্তি পেয়েছে গত ১৫ এপ্রিল। কিন্তু তার আগে সাম্প্রতিক ইতিহাসে প্রথম কোনো সিনেমা হলিউডের একসপ্তাহ আগে মুক্তি পেল ভারতীয় প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন জন ফেব্রুয়া। অজগর কায়ের চরিত্রে গলা দিয়েছেন স্কারলেট জনসন। এছাড়াও আছেন, বেন কিংস্লে (বাঘিরা), ইদ্রিশ এলবা (শের খান), বিল মুরে (ভালু)।

