স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে গিয়ে খুবটা একটা সুবিধা করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোহীন রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কসরা। এমন ফলেও খুশি রিয়াল বস জিনেদিন জিদান! জানালেন, দ্বিতীয় লেগে নিজেদের সর্বস্ব ঢেলে দিয়ে ফাইনালের টিকিট পকেটে পুরতে চায় রিয়াল! তবে আক্ষেপের সুরও বাজলো ফরাসি এই মহাতারকার কণ্ঠে। বললেন, প্রথম লেগে একটা গোল করতে পারলে ভালো হতো।
আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের খেলায় ম্যানসিটিকে স্বাগত জানাবে রিয়াল। ওই ম্যাচের জন্যই নাকি রোনালদোকে সুরক্ষিত রেখেছেন জিদান। তা ছাড়া করিম বেনজেমাকেও এদিন দ্বিতীয়ার্ধে তুলে নিয়েছেন। যুক্তি দেখিয়ে জিদান বলেন, ‘অনুশীলনে রোনালদো খুব একটা স্বস্তি অনুভব করেনি। তার পরও আমরা চেয়েছিলাম তাকে মাঠে নামাব। শেষ পর্যন্ত ঝুঁকিটা নিইনি। এ ছাড়া করিম বেনজেমাকে দ্বিতীয়ার্ধে তুলে নিয়েছি। তাকে বিশ্রাম দিয়েছি। যদিও সে খেলতে চেয়েছিল। আমি মনে করি, এটা ভালো সিদ্ধান্ত ছিল।’
ইতিহাদে সিটিজেনদের সঙ্গে ড্র করেও সন্তুষ্ট রিয়াল বস জিদান বলেন, ‘এটা কঠিন ম্যাচ ছিল। আমরা উন্নতি করছি। আশা করছি প্রথম লেগের চেয়ে দ্বিতীয় লেগটা আমাদের আরো ভালো হবে। আমি বলব, ইতিহাদের ফলটাও (গোলশূন্য ড্র) ভালো। তবে একটা গোল করতে পারলে ভালো হতো। এই ফলে আমাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যদিও ফিরতি লেগে দুই দলের সুযোগটা থাকছে ফিফটি/ফিফটি!’

