স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই দারুণ ছন্দে রয়েছেন তামিম ইকবাল খান। তার ব্যাট যেন হেসেই চলেছে। বিপিএল, পিএসএল, এশিয়া কাপ, ষষ্ঠ টি২০ বিশ্বকাপে তার প্রমাণ রেখেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) পেয়ে যেতে পারতেন সেঞ্চুরি।
কিন্তু এটা সহ্য হলো না মাহমুদুল্লাহ রিয়াদের! শতরান হাঁকানোর আগেই তামিমকে সাজঘরের পথ দেখান তিনি। আর তাতে মাত্র ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশ জাতীয় দলের তারকা এই ওপেনার। সাইফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৯১ বলে ৯০ রানের ইনিংস খেলেন তিনি। তার মূল্যবান এই ইনিংসটি ছিল ১১টি চারে সমৃদ্ধ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের ব্যাটিং নৈপূন্যে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে আবাহনী লিমিটেড। জয়ের জন্য শেখ জামালের সামনে ২৮৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে তামিমের দল।
টসে জিতে আগে ব্যাট করতে নামা আবাহনীর পক্ষে ফিফটির দেখা পেয়েছেন আরো দু’জন, উদয় কাউল ও নাজমুল হোসেন শান্ত। ৭৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন ভারতীয় ক্রিকেটার উদয়। মুক্তার আলীর বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৫০ বলে পাঁচটি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলেন শান্ত, মাঠ ছাড়েন অপরাজিত থেকে। আবাহনীর আরেক অপরাজিত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। ৪২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় তিনি করেন ৪৬ রান।
লিটন দাস ৫ রান করে মনিরুজ্জামানের এলবিডল্ডিউর ফাঁদে পড়েন। সোহাগ গাজীর শিকার হওয়ার আগে ২১ রান আসে অভিষেক মিত্রর ব্যাট থেকে। ২৬ রান খরচায় ১ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার মনিরুজ্জামান। এ ছাড়া একটি করে উইকেট পকেটে পুরেছেন সোহাগ গাজী, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুক্তার আলী।

