স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে শোচনীয় পরাজয় ঘটে সানরাইজার্স হায়দরাবাদের। প্রশ্ন উঠেছিল হায়দরাবাদের বোলিং আক্রমণ নিয়েও। ভারতীয় পত্রিকাগুলোতে বেশ সমালোচনা হচ্ছিল এ নিয়ে। কিন্তু হাল ছাড়েননি মুস্তাফিজ। স্লোয়ার ও কাটার প্রয়োগ করে দলকে সঠিক পথেই রেখেছেন। তৃতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। ওই যে ঘুরে দাঁড়ানো, তা এখনো অব্যাহত রয়েছে। জয়ের ধারায়ই রয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
এখন আর হায়দরাবাদের বোলারদের ওপর ছড়ি ঘুরাতে পারছেন না প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা! অন্য বোলারদের ওপর কিছুটা আক্রমণ শানালেও মুস্তাফিজের বলে তারা ব্যাট চালান অতি সাবধানে। নইলে তো বিপদ! চাপের মুখে মুস্তাফিজের এমন অবিচল মনোভাব নজর কেড়েছে অনেকেরই।
আজ মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হবে হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিন। এই ম্যাচ ধোনিদের জন্য বাঁচা-মরার লড়াই। টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ে ফিরতে হবে তাদের।
স্বভাবতই এই ম্যাচ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রতিপক্ষ শিবিরে আলোচনায় ‘মুস্তাফিজ’। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট। এখানে উইকেটের চেয়েও বড় কথা, প্রতিপক্ষকে রান তুলতে না দেয়া। যা সাধারণত প্রতিপক্ষ দলের ওপর চাপ তৈরি করে। বাকি বোলারদেরও খেলতে সমস্যা হয়।
মুস্তাফিজের প্রশংসায় ভারতীয় মিডিয়ায় লিখেছে এভাবে, ‘ডেভিড ওয়ার্নারের টিম এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে। ওদের বোলিং মণিহারে মুক্তোর ছড়াছড়ি। যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে দীপ্তিময় মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের ব্যাটিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর দেখাচ্ছে ওয়ার্নারকে।’

