নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাঁধে ভর করে বিএনপি নির্বাচনকে বিতর্কিত ও ফলাফল পাওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।শনিবার (২৩ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, শনিবার তৃতীয় ধাপে ৬১৪টি ইউনিয়নের ৫৫২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ইউপি নির্বাচনকে বিতর্কিত করতে শুরু থেকেই একে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিয়েছিল বিএনপি। নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ে, মনোনয়ন প্রদানে তাদের কোনো আগ্রহ নেই। যেহেতু বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে, তাই বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থী থাকে। বিএনপি আ.লীগের বিদ্রোহী প্রার্থীদের কাঁধে ভর করে নির্বাচনে উস্কানি দিয়ে ফলাফল আদায়ের চক্রান্তে লিপ্ত রয়েছে।’
নির্বাচনে যে ২-১টি স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা খুবই নগন্য বলে দাবি করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশনা দেয়ার পর তৃতীয় ধাপের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’
এদিকে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বলেছেন, ‘সাংবাদিক শফিক রেহমানকে ফেসবুক স্ট্যাটাসের কারণে গ্রেপ্তার করা হয়েছে।’
ফখরুলের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘এ অভিযোগ আমরা তুলিনি। এফবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে মাহমুদুর রহমান ও শফিক রেহমানের নাম। তার বাসা থেকে এফবিআই এর কাগজ পাওয়া গেছে। তিনি এ ষড়যন্ত্রে জড়িত না থাকলে তার বাসায় এসব থাকবে কেন?’
হানিফ বলেন, ‘তদন্ত সাপেক্ষে তথ্য যখন বেরিয়ে আসছে, আইনের আওতায় যখন তারা এসেছে, তখন বিএনপি নেতারা জনগণের দৃষ্টি ঘুরাতে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে আমরা আশ্বস্ত করতে চাই যে, এর সাথে বিএনপির আর কে কে জড়িত, তাদের বের করা হবে। প্রমাণ হলে সাজা প্রদান করা হবে। যেন পরে আর কেউ এমন কিছু করার দুঃসাহস না দেখান।’
এদিকে নির্বাচনে কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্ব কমিশনের না, নির্বাচন কমিশনার এমন বক্তব্যের বিষয়টি তাকে সাংবাদিকরা অবিহিত করলে হানিফ বলেন, ‘এটি সঠিক না। কেন্দ্রের ভিতর-বাইরে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের।’
কাশিয়ানীতে নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। আমরা চাই সব পেশাজীবীরা নির্ভয়ে দায়িত্ব পালন করুক। আমরা বিষয়টি খোঁজ নেব। যদি কাউকে কেউ হয়রানি করে থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো ব্যবস্থা নিতে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাসিম ও খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

