
কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। পাশে উপবিষ্ট কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, এআইএস’র পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিস (এআইএস)’র উদ্যোগে আজ ২৩ এপ্রিল শনিবার রাজধানীর খামারবাড়িস্থ এআইএস’র কনফারেন্স রুমে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস’র পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান।
কৃষি সচিব বলেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আমরা সহকর্মী মনে করি এবং তারাও কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আন্তরিকতা ও সঠিক দিক নির্দেশনার কারণে কৃষিতে ধারাবাহিক সাফল্য এসেছে। এ সাফল্য ধরে রাখা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষিভিত্তিক সংস্থাগুলো আরো নিবিড়ভাবে গণমাধ্যমকর্মীদের সাথে কিভাবে কাজ করতে পারে, পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছে এ সংস্থাগুলোর প্রত্যাশার দিকগুলো ভেবে দেখা যেতে পাওে বলে উল্লেখ করেন তিনি। এ সময় সচিব বলেন, স্বাধীনতার সময় আমাদের সাড়ে ৭ কোটি জনংসংখ্যা থাকার পরও খাদ্য ঘাটতি ছিলো। অথচ বর্তমানে ১৬ কোটির বেশি মানুষ, প্রতিবছর কৃষি জমি কমে যাচ্ছে ০.৭ শতাংশ হারে; তারপরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; এমনকি খাদ্য রপ্তানি করতে শুরু করেছি। গণমাধ্যমের উপর কৃষকের আস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক সময় দেখা যায় আমাদের সম্প্রসারণ কর্মীরা কোন পরামর্শ দিলে কৃষকরা মানতে চায় না কিন্তু টেলিভিশন বা পত্রিকায় আসলে তারা এক বাক্যে তা মেনে নেয়। এ সময় সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার উপর গুরুত্বারোপ করে কৃষি খাতে কোন অনিয়ম দুর্নীতি হলে তা যাচাই বাছাই সাপেক্ষে প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। কোন নতুন বিষয় বা তথ্য সম্পর্কে সাংবাদিকদের জানাতে হলে ই-মেইলের মাধ্যমে তাদেরকে অবহিতকরণের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরামর্শ দেন সচিব।
অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেন বলেন, আমরা কৃষি সংশ্লিষ্ট সংবাদকে খুবই গুরুত্ব সহকারে দেখি। কৃষির বিভিন্ন বিষয় প্রচারের ক্ষেত্রে সাংবাদিকরা অনেক বেশি ভূমিকা রাখছেন। তিনি বলেন, সরকারিভাবে অনেক ক্ষেত্রে আমরা যেটা পারছি না সেক্ষেত্রে বেসরকারি খাতের সহায়তা নিচ্ছি। তিনি আরো বলেন, আমরা এখন বাণিজ্যিক কৃষিতে যাচ্ছি, রপ্তানির ক্ষেত্রে আমরা এখন ফাইটোস্যানিটারি কমপ্লায়েন্স অনুসরণ করছি। এ সময় তিনি উদ্বৃত্ত খাদ্য রপ্তানি বা প্রয়োজনীয় খাদ্য আমদানি, এমনকি আমদানিকৃত পণ্যের গুণাগুণ সম্পর্কিত সংবাদ গুরুত্বসহকারে প্রচারের আহ্বান জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান বলেন, কৃষি বিষয়ক তথ্য যত বেশি প্রচারিত হবে কৃষি তত বেশি গুরুত্ব পাবে। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অবতারণা করে তিনি বলেন, কৃষি আমাদের সভ্যতা, আমাদের জীবন যাপনের অঙ্গ; এর সাথে গবেষণা থাকবে, সম্প্রসারণ থাকবে এবং কৃষক সমাজ থাকবে। কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যাদের অবদান আছে তাদের স্বীকৃতি দেয়া এবং সম্মানিত করার আহ্বান জানান তিনি।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন এআইএস’র প্রধান তথ্য অফিসার মোহম্মদ আনোয়ার হোসেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপপরিচালক ড. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধের ওপর আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক মীর মাশরুর জামান ও ডেইলি স্টারের এসাইনমেন্ট এডিটর রিয়াজ আহমদ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার প্রধানগণ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

