নোয়াখালী প্রতিনিধি : ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গিয়ে বিএনপি এখন নালিশের রাজনীতির ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল ১১টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর ঐতিহ্যবাহী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী শতবার্ষিকী উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলণীর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী ইউপি নির্বাচন বিষয়ে বলেন, ‘চলমান ইউপি নির্বাচনে বিভিন্ন স্থান থেকে তৃণমূলের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে জেলা ও উপজেলা নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি এসব মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে মন্ত্রী বলেন, ‘ইতিবাচক পরিবর্তনের মানসিকতা নিয়ে নবীন ও প্রবীণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের বিকাশ ঘটবে।’
শতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আবু নাছেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রমুখ।

