নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে দুই হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের এক সভায় একথা বলেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘কাউন্সিলকে সফল করতে হলে শৃঙ্খলা, শান্তি এবং নিরাপত্তাসহ সব বিষয়কে মাথায় রাখতে হবে। এজন্য এই কমিটিতে সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের অর্ন্তভুক্ত করে সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, সম্মেলনকে শৃঙ্খলাভাবে সম্পন্ন করার জন্য এ উপ-পরিষদে মোট দুই হাজার সদস্য নিয়ে গঠন করা হবে স্বেচ্ছাসেবক টিম। এরা শুধুমাত্র সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান নয়, ঢাকা সিটিকে শৃঙ্খলার আওতায় আনার জন্য কাজ করবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই দুই হাজার সদস্যকে ৮০টি গ্রপে বিভক্ত করে দেওয়া হবে। প্রতিটি গ্রুপে ২৫ জন করে সদস্য অর্ন্তভুক্ত থাকবেন এবং ২৫ জনের প্রতিটি গ্রুপে একজন করে টিম লিডার থাকবেন। যিনি গ্রুপের ২৫ জন সদস্যকে সমন্বয় করবেন।’
তিনি বলেন, ৫০০ সদস্য সম্মেলন স্থলে এবং তার আশেপাশে কাজ করবে। এ ছাড়াও সম্মেলন স্থলের বাইরের বিভিন্ন প্রবেশপথে আরও ৫০০ সদস্য আলাদাভাবে দায়িত্ব পালন করবে।
বাহাউদ্দিন নাছিম বলেন, কাউন্সিলে সারা দেশ থেকে কাউন্সিলর ও ডেলিগেট এবং বিদেশ থেকে অতিথিরা আসবেন। তারা যাতে সম্মানের সঙ্গে সম্মেলনস্থলে এসে বসতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউন্সিলে শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুপ্তপূর্ণ দাবি করে তিনি বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে এবং তা অব্যাহত আছে।
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, কাউন্সিলে এক লাখ থেকে দুই লাখ কাউন্সিলর এবং ডেলিগেট উপস্থিত হবেন। মহানগরীর যেসব পয়েন্ট দিয়ে তারা আসবেন তাদেরকে সব রকম সহযোগিতা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সুজিত রায় নন্দী, ইকবালুর রহিম, মোল্লা মো. আবু কাওছার, পঙ্কজ দেবনাথ, নজরুল ইসলাম বাবু, আসলামুল হক আসলাম, বাহাদুর বেপারী, বদিউল আলম বুদু, মতিউর রহমান মতি, ইকবাল হোসেন অপু, নির্মল রঞ্জন গুহ, ফরিদুর রহমান খান ইরান, বিশ্বনাথ সরকার বিটু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন প্রমুখ।

