
বক্তব্য রাখছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। মঞ্চে উপবিষ্ট বিএডিসি’র চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম লস্কর, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বীজ উইং) মো. ফজলে ওয়াহেদ খোন্দকার, বিএডিসি’র সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. মোফাজ্জল হোসেন এনডিসি, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) ড. মো. সাইদুর রহমান সেলিম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রওনক মাহমুদ, প্রকল্প পরিচালক মুহা. আজহারুল ইসলামসহ অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে আজ বুধবার রাজধানীর গাবতলীতে বিএডিসি’র বীজ ভবনে বীজ পরীক্ষণ পদ্ধতি বিষয়ক ২দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। Uniformity of Seed Testing Procedure শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ্।
মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের চীফ কোঅর্ডিনেটর, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. ফজলে ওয়াহেদ খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম লস্কর। প্রকল্প পরিচালক মুহা. আজহারুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে ৩২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কৃষি সচিব বলেন, এ ধরণের কর্মশালায় আরো বেশি বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশে গুনগত মানসম্পন্ন বীজের উৎপাদন ও সরবরাহ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি এই বীজের উৎপাদন ও সরবরাহ যাতে আরো বৃদ্ধি পায় সে বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান সচিব। গুনগত মানসম্পন্ন বীজ সরবরাহের ক্ষেত্রে বিএডিসি’র অগ্রণী ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আয়োজিত এই কর্মশালার প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বীজের মান আরো বৃদ্ধির পরামর্শ প্রদান করেন কৃষি সচিব। তিনি এ সময় ধানের পাশাপাশি অন্যান্য ফসলেও স্বয়ংসম্পূর্ণ অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিএডিসি’র চেয়ারম্যান বলেন, আমাদের জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই উচ্চফলনশীল জাতের বীজের ব্যবহার বাড়ানোর মাধ্যমে ফলন বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। বিএডিসি তার দক্ষ জনবল দিয়ে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন তিনি। এ ধরণের কর্মশালার লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অধিক পরিমাণে মানসম্পন্ন বীজ উৎপাদনে সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মো. ফজলে ওয়াহেদ খোন্দকার বলেন, ২দিনব্যাপি এ কর্মশালায় যে সকল সুপারিশ তৈরী হবে তা মানসম্পন্ন বীজের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং কৃষির উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

