লক্ষ্মীপুর প্রতিনিধি : দলীয় শৃঙ্গলাভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে বিএনপির চার নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব স্বাক্ষরিত চিঠিতে তাদের এ অব্যাহতি দেয়া হয়।
ওই নেতারা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন তফাদার, রামগঞ্জ উপজেলার সহ-সভাপতি আবদুর রহিম, সফি আহমেদ খোকা ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু চার নেতাকে দল থেকে অব্যাহতি বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় শৃঙ্গলাভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। ওই নোটিশের জবাব সন্তোষজনক নয়, বিধায় দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক এ ব্যবস্থা নেয়া হয়েছে।

